বিশ্বকাপ বয়কট করতে চায়না ইরান , তবে যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলতে আপত্তি
আসন্ন ফুটবল বিশ্বকাপ বয়কট করবে না ইরান। তবে নিজেদের ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে ভ্রমণে রাজি নয় দেশটি। ইরানের ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ এ তথ্য জানিয়েছেন
সূচি অনুযায়ী, আগামী ১৬ জুন ইনগলউডে নিউজিল্যান্ড এবং ২১ জুন একই ভেন্যুতে বেলজিয়ামের বিপক্ষে খেলার কথা রয়েছে ইরানের। এরপর ২৬ জুন সিয়াটলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ মিশর।
ফারস নিউজ এজেন্সিকে দেয়া সাক্ষাৎকারে তাজ জানান, ইরানের জাতীয় ফুটবল দল এখন তুরস্কে অনুশীলন করছে। সেখানে দুটি প্রীতি ম্যাচ খেলবে দলটি। তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রকে বয়কট করব, তবে বিশ্বকাপ বয়কট করব না।’ ইরান আগেভাগেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করলেও যুক্তরাষ্ট্র-ইসরায়েল দেশটিতে যৌথ হামলা চালানোর পর পরিস্থিতি ঘোলাটে হয়। ইরান সাফ জানিয়ে দেয়, তারা বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে যাবে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে ইরান ফুটবল দলকে তার দেশে স্বাগত জানালেও পরে বলেছেন, বর্তমান পরিস্থিতে ইরান ফুটবল দলের যুক্তরাষ্ট্র সফর না করাই ভালো।
এমন প্রেক্ষাপটে ইরান তাদের ম্যাচগুলো সহ-আয়োজক কোনও দেশে স্থানান্তরের অনুরোধ জানিয়েছে। এক্ষেত্রে ইরান নিজেদের ম্যাচগুলো মেক্সিকোতে খেলার আগ্রহ প্রকাশ করেছে। তবে সূচি পরিবর্তনের কোনও পরিকল্পনা নেই বলে ইঙ্গিত দিয়েছে ফিফা। তাদের বার্তা, ডিসেম্বরের ড্র অনুযায়ী সব দলকে নির্ধারিত সূচি মেনেই খেলতে হবে।
অন্যদিকে প্রয়োজনে ইরানের ম্যাচ আয়োজনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম। তিনি বলেন, মেক্সিকো সব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। তার দেশ এ ইস্যুতে ফিফার সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে।
#ফুটবল #ফিফা #গোল #বিশ্বকাপ
#ইরান #যুক্তরাষ্ট্র #ম্যাচ #খেলা
#Football #FIFA #goal #worldcup
#Iran #USA #team #match #boycot
#sports #sportsnews #JONODESH

