অনড় সিদ্ধান্তে আই. সি. সি ,অংশগ্রহণ শঙ্কায় বাংলাদেশ

খেলাধুলা

অনড় সিদ্ধান্তে আই. সি. সি ,অংশগ্রহণ শঙ্কায় বাংলাদেশ

আইসিসির কড়া বার্তার পর কার্যত স্তব্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদর দফতর। কর্তারা ভেবেছিলেন, বৈঠকে কোনও সমাধানের ইঙ্গিত মিলবে। কিন্তু আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে—বিশ্বকাপে গ্রুপ বদলের কোনও সুযোগ নেই। বাংলাদেশকে ভারতে খেলতেই হবে, নইলে অংশগ্রহণ নিয়েই তৈরি হবে বড় অনিশ্চয়তা। বৃহস্পতিবারের মধ্যেই সিদ্ধান্ত জানাতে বলেছে আইসিসি।
এই পরিস্থিতিতে হতাশ হলেও এখনও অলৌকিকের আশায় রয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তিনি জানান, বিশেষ কিছু না ঘটলে বাংলাদেশের পক্ষে বিশ্বকাপে খেলা কঠিন। আইসিসির সঙ্গে বৈঠকে তিনি সরকারের সঙ্গে শেষবার কথা বলার জন্য সময় চান। সেই অনুরোধে একদিনের ছাড় মিললেও বাস্তবে সিদ্ধান্ত বদলের সম্ভাবনা কম।
বাংলাদেশ আগেই জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে তারা ভারতে খেলতে চায় না। সরকারের সূত্র বলছে, সেই অবস্থান থেকে সরে আসার সম্ভাবনা নেই। আমিনুলও স্বীকার করেছেন, আইপিএল থেকে মুস্তাফিজুরকে বাদ দেওয়ার পর তাঁদের মনে হয়েছে ভারতে খেলা নিরাপদ নয়। সেই কথাই আইসিসির সামনেও তুলে ধরা হয়েছে।
বিসিবি সভাপতি জানিয়েছেন, সরকারকে চাপ দিতে চান না তাঁরা। তবে তাঁদের চাওয়া একটাই—বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কায় খেলা। সেই দাবি থেকে এখনও সরে আসেনি বাংলাদেশ।
তবু পুরোপুরি হাল ছাড়ছেন না আমিনুল। তাঁর আশা, শেষ মুহূর্তে আইসিসি যদি মত বদলায়, তাহলে পরিস্থিতি পাল্টাতে পারে। যদিও বর্তমান অবস্থায় আইসিসির সিদ্ধান্ত বদলের সম্ভাবনা প্রায় নেই বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। আমিনুল বলেন ” ভোটের পর আমি তাদের বলেছিলাম যে আমি আমার সরকারকে জানানোর জন্য একটি শেষ সুযোগ চাই। তারা বলেছে এটি একটি যৌক্তিক পয়েন্ট এবং আমাকে তাদের কাছে ফিরে আসার জন্য ২৪ বা ৪৮ ঘণ্টা সময় দিয়েছে।”
সব মিলিয়ে, বিশ্বকাপের আগে বড় অনিশ্চয়তার মুখে বাংলাদেশ ক্রিকেট। বিসিবি দফতরে এখন শুধু অপেক্ষা আর অলৌকিকের আশাই ভরসা।

#ক্রিকেট #টি20 #ভারত #বাংলাদেশ
#বিসিবি #বিসিসিআই #আইসিসি
#cricket #ICC #t20 #2026
#worldcup #2026 #bcb
#ICC #bcci #Bangladesh #India
#Sportsnews #sports #JONODESH

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *