বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় এলে ১৮ মাসের মধ্যে শিক্ষিত বেকারদের জন্য এক কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলের কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও সাবেক ফুটবল অধিনায়ক আমিনুল হক।
সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর মিরপুরে ছাত্রদলের আয়োজিত এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিভাগ পর্যায়ে মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য বিএনপি একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করবে। পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।
আমিনুল হক আরও বলেন, “দলে শৃঙ্খলা ভঙ্গ বা বিশৃঙ্খলার স্থান নেই। কোনো অন্যায়কারী, চাঁদাবাজ বা সন্ত্রাসীকে আমরা প্রশ্রয় দেব না, এমনকি সে যদি দলের সদস্যও হয়।” তিনি ছাত্রদল নেতাকর্মীদের সতর্ক করে বলেন, দলবিরোধী অপপ্রচার থেকে সাবধান থাকতে হবে এবং শৃঙ্খলা মেনে জনগণের কাছে পৌঁছাতে হবে।

