৬০ বছরে সালমান খানের সম্পদের পরিমাণ কত
বলিউড সুপারস্টার সালমান খান তিন দশকের বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্রে রাজত্ব করে আসছেন। কখনো প্রেমিক, কখনো অ্যাকশন হিরো ‘টাইগার’—ভিন্ন ভিন্ন চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে এখনো ব্যাচেলার তকমা থাকলেও জনপ্রিয়তা ও সম্পদের দিক থেকে তিনি বলিউডের শীর্ষ তারকাদের একজন।
শনিবার (২৭ ডিসেম্বর) ৬০ বছরে পা দিয়েছেন সালমান খান। এই বয়সেও তার জনপ্রিয়তা যেমন অটুট, তেমনি আয়ের পরিমাণও ঈর্ষণীয়। বিভিন্ন সূত্র অনুযায়ী, বর্তমানে সালমান খানের মোট সম্পদের পরিমাণ প্রায় ২৯০০ কোটি টাকা।
তার সম্পদের বড় অংশ জুড়ে রয়েছে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় অবস্থিত গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট। দীর্ঘদিন ধরে পরিবারসহ এখানেই বসবাস করছেন তিনি। দোতলা এই বাড়ির বর্তমান বাজারমূল্য প্রায় ১০০ কোটি টাকা। সাম্প্রতিক নিরাপত্তা হুমকির কারণে বাড়িটিতে বুলেটপ্রুফ কাচসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সালমান খান প্রতি সিনেমার জন্য পারিশ্রমিক নেন প্রায় ১০০ থেকে ১৫০ কোটি টাকা। পাশাপাশি জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ সঞ্চালনা করে প্রতি বছর বিপুল অংকের অর্থ আয় করেন। নামকরা ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকেও তার আয় উল্লেখযোগ্য।
ব্যক্তিগত বিলাসিতার পাশাপাশি মানবিক কাজেও এগিয়ে সালমান খান। তার প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিয়িং হিউম্যান’-এর মাধ্যমে দুস্থ মানুষদের চিকিৎসা ও শিক্ষায় সহায়তা করা হয়।
মুম্বাইয়ের বাইরে পানভেলের অর্পিতা ফার্মস, কার্টার রোড ও ওরলির বিলাসবহুল বাড়ি, এমনকি দুবাইতেও রয়েছে তার সম্পত্তি। প্রায় ১৫০ একর জমির ওপর গড়ে ওঠা অর্পিতা ফার্মসের মূল্য আনুমানিক ৮০ কোটি টাকা। এছাড়া ব্যক্তিগত ইয়ট, অডি, বিএমডব্লিউ ও মার্সিডিজ বেঞ্জসহ একাধিক দামি গাড়িও রয়েছে তার সংগ্রহে।
সব মিলিয়ে ৬০ বছর বয়সে এসেও বলিউডের ভাইজান সালমান খান রয়েছেন প্রায় ২৯০০ কোটি টাকার সম্পদের মালিক হিসেবে।
#সালমানখান #বলিউড #ভাইজান #বিনোদনসংবাদ
#SalmanKhan #Bollywood #IndianCinema #CelebrityNetWorth #EntertainmentNews

