মনোনয়ন ফরম নিলেন আসিফ মাহমুদ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার দুপুর ১১টা ৪০ মিনিটে তিনি ঢাকার ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর আসিফ মাহমুদ জানান, সরকারে দেড় বছরের কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি ঢাকা-১০ এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চান। তিনি বলেন, এই অভিজ্ঞতা এলাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে।
জুলাই অভ্যুত্থানের নায়কদের লক্ষ্য করে টার্গেট করার তথ্য রয়েছে উল্লেখ করে আসিফ মাহমুদ আশঙ্কা প্রকাশ করেন যে, নিরাপত্তা ঘাটতির কারণে নির্বাচনি প্রচার কার্যক্রম ব্যাহত হতে পারে। এ সময় তিনি ধানমন্ডি-১০ আসনে আগে থেকেই পোস্টার লাগানো ও নির্বাচনি বুথ স্থাপন করে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেন।
এদিকে ঢাকা-১০ আসনে (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। এখন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি।
অন্যদিকে, জামায়াতে ইসলামী থেকে এই আসনে প্রার্থী হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসীম উদ্দিন সরকার।

