যোগ দিয়েই সেলিমের মনোনয়ন, লক্ষ্মীপুরে নিজানও লড়বেন
বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম আনুষ্ঠানিকভাবে বিএনপি-তে যোগ দিয়েছেন। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে ফুল দিয়ে তিনি দলটিতে যুক্ত হন। অনুষ্ঠানে জানানো হয়, লক্ষ্মীপুর-১ আসনে সেলিমকে ধানের_শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
একই অনুষ্ঠানে বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনে এবিএম আশরাফ উদ্দিন নিজান, লক্ষ্মীপুর-২-এ আবুল খায়ের ভূঁইয়া এবং লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে তিনি নিজে প্রার্থী হিসেবে লড়বেন।
২০১৮ সালের জাতীয় নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে সেলিম একই আসন থেকে নির্বাচন করেছিলেন। এরপর তিনি বিএলডিপি বিলুপ্ত ঘোষণা করে নেতাকর্মীদের নিয়ে বিএনপি-তে যোগ দেন।
মনোনয়ন সম্পর্কে আমির খসরু বলেন—আন্দোলন ও রাজনৈতিক ভূমিকা বিবেচনায় সেলিম এই মনোনয়ন পেয়েছেন। ধানের_শীষ প্রতীক নিয়ে তার প্রতিদ্বন্দ্বিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
যোগদান অনুষ্ঠানে শাহাদাত হোসেন সেলিম বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু। একসময় বিএনপি ছাড়তে হলেও হৃদয়ে সবসময় বিএনপি-কে ধারণ করেছেন। দীর্ঘ ২৫ বছর পর ‘ঘরের ছেলে ঘরে ফিরেছি’ উল্লেখ করে তিনি বলেন, নতুন যারা দলে এসেছেন তাদের ন্যায্য মূল্যায়ন হলে সংগঠন আরও শক্তিশালী হবে। তিনি প্রতিশ্রুতি দেন—আগামী দিনে বিএনপি-কে আরও শক্ত হাতে গড়ে তুলবেন।

