বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির জানিয়েছেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যেই জাতীয় পে কমিশন তাদের সুপারিশ জমা দিতে সক্ষম। রোববার (২৩ নভেম্বর) এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
বাদিউল কবির বলেন, “নতুন পে স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের প্রত্যাশা অনেক। কমিশন চাইলে নির্ধারিত সময়ের মধ্যেই অন্তত সারসংক্ষেপ বা মূল সুপারিশ জমা দিতে পারে। তা না হলে কর্মচারীরা কঠোর আন্দো/লনে নামবেন।”
তিনি আরও জানান, সরকারি কর্মচারীরা এখন একজোট হয়েছেন এবং যেকোনো সময় কঠোর কর্মসূচি ঘোষণা করতে প্রস্তুত। ৩০ নভেম্বরের সময়সীমার মধ্যে দাবি পূরণ না হলে ৫ ডিসেম্বরের মহাসমাবেশ থেকে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।
এদিকে, পে কমিশন সূত্র জানায়—নতুন পে স্কেলের ৫০% কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের মতামত নেওয়া হবে, এরপর চূড়ান্ত রিপোর্ট তৈরির কাজ শেষ হবে। ধারণা করা হচ্ছে, ডিসেম্বরের শেষ সপ্তাহে পে কমিশনের চূড়ান্ত সুপারিশ জমা দেওয়া হতে পারে।
সরকারি কর্মচারীদের বেতন–ভাতা কাঠামো পুনর্গঠনে সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে কমিশন ও সচিবদের বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

