নতুন ছবি ও ওয়েব সিরিজ নিয়ে ২০২৬ সালে ফিরছেন মিম
দীর্ঘ দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। টালিউডের ‘মানুষ’ ছবিতে জিতের বিপরীতে ২০২৩ সালের অক্টোবর মাসে তাকে শেষবার দেখা যায়। এরপর সরকারি অনুদানের ছবি ‘দিগন্তে ফুলের আগুন’–এর শুটিং সম্পন্ন হলেও মুক্তি এখনো বাকি।
সম্প্রতি এক ফ্যাশন হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে মিম জানান, ২০২৬ সালকে তিনি নিজের কামব্যাকের বছর হিসেবে দেখছেন। তিনি নিশ্চিত করেছেন, নতুন সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে আগামী বছরই বড় পর্দা ও ওটিটিতে হাজির হবেন।
সূত্র জানায়, মিম ইতোমধ্যে একটি নতুন সিনেমা ও একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন। তবে আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত বিস্তারিত জানাতে চান না তিনি। এছাড়াও আরও কয়েকটি সিনেমা ও সিরিজের কাজ হাতে রয়েছে তার।
বিরতি সময়ে প্রস্তাবের অভাব ছিল না জানিয়ে মিম বলেন, তিনি ইচ্ছাকৃতভাবেই সময় নিয়েছেন যেন ভালো মানের প্রজেক্টে কাজ করতে পারেন।
তার সাম্প্রতিক সফল কাজের মধ্যে রয়েছে ‘পরান’, ‘দামাল’, দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ এবং সানি সানোয়ারের ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’।
দর্শকরা নতুন সিনেমা ও ওয়েব সিরিজে মিমকে আবার দেখতে মুখিয়ে আছেন।

