গান-বাজনার সুবাদে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন গায়ক আসিফ আকবর। প্রবাসীদের জন্য বিভিন্ন স্টেজ শোতে অংশ নিচ্ছেন তিনি। সম্প্রতি দেশটিতে গিয়েছেন ‘বেজবাবা’খ্যাত ব্যান্ড তারকা সাইদুস সালেহীন খালেদ সুমন। গতকাল শনিবার বোস্টন শহরের একই মঞ্চে সংগীত পরিবেশন করেন তারা।
আসিফ আকবর নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘২৫ অক্টোবর বোস্টনে শো ছিল। বিগত বছরগুলোতে সৌভাগ্য হয়েছে মিউজিক লেজেন্ডদের সঙ্গে স্টেজ শেয়ার করার। গ্রিন রুম শেয়ার করেছি তরুণদের সাথেও। আমি সংগীতের মানুষ নই, তবুও নিয়তি আমাকে এখানেই সফলতা দিয়েছে। এই কারণে দায়বদ্ধতাও বেশি।’
তিনি আরও জানান, ‘বোস্টনে এসে একই স্টেজ শেয়ার করেছি স্বনামখ্যাত ব্যান্ড অর্থহীনের সঙ্গে। লিভিং লিজেন্ড সুমন ভাইয়ের সঙ্গে আগেও একই মঞ্চে পারফর্ম করেছি। তিনি সবসময়ই আমার ব্যাপারে উচ্ছ্বসিত, আজকেও তার ব্যত্যয় ঘটেনি। সুমন ভাই ব্যাকস্টেজে দাঁড়িয়ে আমার পারফর্মেন্স দেখেছেন। তার জীবনের উপর দিয়ে স্টিম রোলার চললেও তিনি আস্থায় অবিচল। সুমন ভাইয়ের মতো মানুষের জন্যই সংগীত জগতটা এখনো ভালো লাগে।’
বাংলা সংগীতের দুই এই জনপ্রিয় তারকার পারফর্মেন্সে প্রবাসী বাঙালিরা আবেগে আপ্লুত হন। কনসার্টের শেষে দর্শকদের উচ্ছ্বাস এবং প্রশংসায় ভরে ওঠে বোস্টনের অডিটোরিয়াম। দেশ ছাড়িয়ে সংগীতের মঞ্চে একত্র হওয়া বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য এটি ছিল এক অনন্য আনন্দের মুহূর্ত।

