ভারত সিরিজ নিয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি

খেলাধুলা

ভারত সিরিজ নিয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুসারে, আগামী সেপ্টেম্বরে ভারতীয় দলের বাংলাদেশ সফরে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার কথা রয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই সিরিজ অনুষ্ঠিত হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। এছাড়া আসন্ন এশিয়া কাপের মতো মেগা ইভেন্টের আয়োজন ও অংশগ্রহণও এই দুই বোর্ডের সম্পর্কের ওপর অনেকাংশে নির্ভর করছে।
নতুন প্রেক্ষাপটে বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছে বিসিবি। দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে চিঠিও পাঠিয়েছে। চিঠিতে অতীতের তিক্ততা ভুলে ভারতীয় দলকে বাংলাদেশ সফরে আসার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে আগামী বছরের এশিয়া কাপকে সামনে রেখে দুই বোর্ডের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে। তবে বিসিসিআই এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। ভারতীয় দলের দ্বিপাক্ষিক সিরিজ বা সফরের ভেন্যু চূড়ান্ত করার বিষয়টি সম্পূর্ণভাবে ভারত সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। সরকারের ইতিবাচক সংকেত না পাওয়া পর্যন্ত তারা কোনো চূড়ান্ত প্রতিশ্রুতি দিচ্ছে না। ফলে সিরিজ নিয়ে বিসিবির মধ্যে আশা ও অনিশ্চয়তার মিশ্র অনুভূতি বিরাজ করছে।
সম্প্রতি বিষয়টি গণমাধ্যমে আসার পর মিরপুরে এ নিয়ে কথা বলেছিলেন বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। তিনি বলেছিলেন, ‘সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। গত বছর বাংলাদেশ নারী দলের ভারতে যাওয়ার কথা ছিল যা স্থগিত হয়ে যায়। এ ব্যাপারেই বিসিসিআইকে মেইল করা হয়েছে।’
এবার এ বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফীস সংবাদমাধ্যমকে বলেন, ‘দ্বিপাক্ষিক যে সিরিজগুলো, এগুলো তো এফটিপির পার্ট। ভারতের বিপক্ষে গত বছর যে সিরিজটা হওয়ার কথা ছিল, এই সিরিজটা এই বছর রি-শিডিউল হয়েছে। যেকোনো বোর্ডের সাথেই কিন্তু আমাদের কমিউনিকেশনগুলো খুব রেগুলারলি হয়।’
দ্বিপাক্ষিক সম্পর্কের অনিশ্চয়তা সত্ত্বেও বাংলাদেশ দল নিজেদের প্রস্তুতির দিকে পূর্ণ মনোযোগ দিয়েছে। আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য দলের প্রস্তুতি বেশ ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন শাহরিয়ার নাফিস, ‘আলহামদুলিল্লাহ, এবার আমরা বেশ ভালো সময় পেয়েছি। প্রস্তুতিটা সমৃদ্ধ হচ্ছে। খেলোয়াড়রা কষ্ট করছে এবং ভালোভাবে মানিয়ে নিচ্ছে। গরম আছে, কিন্তু তারা দ্রুত অভ্যস্ত হয়ে উঠছে।’ দলের অনুশীলন নিয়ে তিনি আরও বলেন,‘পুরো প্র্যাকটিস সেশনটা প্রথমে শুধুমাত্র ফিটনেস ছিল এবং ফিল্ডিং ছিল, এখন স্কিল-ফিটনেস-ফিল্ডিং সবই হচ্ছে। আমরা সিরিজের আগে খুব বেশি সময় পাই না, এবার সময়টা পেয়েছি এবং কোচিং স্টাফ সেই সময়টা খুব দারুণভাবে কাজে লাগাচ্ছে।’

#ক্রিকেট #ভারত #বিসিবি
#বাংলাদেশ #সিরিজ #আইসিসি
#সফর #স্পষ্ট #দ্বিপাক্ষিক
#Cricket #india #BCB
#bangladesh #series #icc
#tour #doubt #bilateral
#sports #sportsnews #JONODESH

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *